ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখেই চিটাগাং কিংসের বিপক্ষে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৫ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে চিটাগাং কিংস। এরপর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোনোরকমে একশ পার হয়। ছোট পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি কিংসের বোলাররাও।
রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। চতুর্থ ওভারে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পরেন তামিম। ১৪ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে। তিনে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়ও। তাতে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ২৮ রান তোলে বরিশাল।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই ফিরে যান ১০ বলে ১১ রান করা মুশফিকুর রহিম। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ রান করে এই অভিজ্ঞ ব্যাটার ফিরলে ৫৩ রানেই চার উইকেট হারায় ফরচুন।
তবে, এরপর মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন ডেভিড মালান। এই ইংলিশ ব্যাটার অপরাজিত ছিলেন ৪১ বলে ৫৬ রান করে। আর নবি করেছেন অপরাজিত ২১ বলে ২৬ রান।
Editor PI News