দলের মধ্যে ‘শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ’ নিশ্চিত করতে ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে বিসিসিআই। এ সব নির্দেশনার মধ্যে নিজের মতো করে অনুশীলনে বা ম্যাচ ভেন্যুতে যাওয়ায় যেমন কড়াকড়ি করা হয়েছে, তেমনি সফরে গেলে স্ত্রী-সন্তানদেরও বেশি দিন সঙ্গে না রাখতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলতে না দেওয়া, বেতন-ভাতা থেকে টাকা কেটে নেওয়ার শাস্তিও হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ক্রিকেটারদের।
এমন নির্দেশনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা, শুবমান গিল, রবীন্দ্র জাদেজারা রঞ্জি ট্রফিতে খেলা নিশ্চিত করেছেন আগেই। এবার জানা গেল ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও।
৩০ জানুয়ারি দিল্লির হয়ে রেলওয়ের বিপক্ষে খেলার কথা কোহলির। ইএসপিএনক্রিকইনফোকে এই খবর জানিয়েছেন দিল্লির কোচ সরনদীপ সিং। সৌরাষ্ট্রের বিপক্ষে ২৩ জানুয়ারিও ম্যাচ আছে দিল্লির। ঋষভ পন্ত ও জাদেজা সেই ম্যাচ দিয়েই রঞ্জিতে ফিরছেন, দুজনই খেলেন সৌরাষ্ট্রের হয়ে।
কোহলি প্রধান নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া টেস্টে খেলা নিয়ে কথা বলেছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি ক্রিকইনফো। রেলওয়ের বিপক্ষে ম্যাচটি শেষ হবে আগামী ২ ফেব্রুয়ারি, এই ম্যাচে খেললে কোহলি ইংল্যান্ড সিরিজে মাঠে নামার আগে সময় পাবেন মাত্র ৩ দিন। ৬ ফেব্রুয়ারি শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
Editor PI News