ঢাবি’র জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবু সালেহ (৪৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, আবু সালেহর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বুধবার সকালে পথচারীরা গাছের ওপরের অংশের ডালে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাঁরা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান। পরে সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশটি গাছ থেকে নামায়।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পাশাপাশি তাঁর আঙুলের ছাপ নিয়ে এনআইডি সার্ভারের সঙ্গে মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে সিআইডি। স্বজনেরা জানিয়েছেন, আবু সালেহ ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
Editor PI News