বালুবোঝাই ট্রাকের চাপায় আব্দুল গণি মিয়া (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন ময়মনসিংহের তারাকান্দায়। মঙ্গলবার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাশিগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুল গণি মিয়া তারাকান্দার কাশিগঞ্জ বাজারে হাজী ট্রেডার্সের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নেত্রকোনাগামী বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাসড়কের শ্যামগঞ্জ বাজারের কুমুদগঞ্জ বাজারে ট্রাফিক বিভাগের কর্তব্যরত টিএসআই আসাদুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল ট্রাক চালক রিয়াদ হাসানকে (২০) ট্রাকসহ আটক করে তারাকান্দা থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor PI News