অবশেষে টানা দুই দিন অনেক পরিশ্রম শেষে মুক্তি পেল স্বাগতিক শ্রীলঙ্কা। গল টেস্টের প্রথম দুই দিন উইকেটে আধিপত্য বিস্তার করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
প্রথমদিনই সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনার উসমান খাজা এবং চার নম্বরে ব্যাট করতে নামা স্টিভেন স্মিথ। সেঞ্চুরি করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।
দ্বিতীয় দিন এসে সেঞ্চুরি করলেন আরও একজন। টেস্ট ক্রিকেটে অভিষিক্ত জস ইংলিস। অর্থ্যাৎ অভিষেক টেস্টের অভিষেক ইনিংসেই সেঞ্চুরি এই অসি। একই সাথে নিজের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন উসমান খাজা।
গল টেস্টে এই তিন সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেট ৬৫৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে সফরকারী অস্ট্রেলিয়া।
জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকছে স্বাগতিক শ্রীলঙ্কা। কুনেম্যান এবং মিচেল স্টার্কের তোপের মুখে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। আউট হন ওসাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম দু’জনই আউট হন ব্যক্তিগত ৭ রানের মাথায়। শেষ পর্যন্ত ৪৪ রানে তিন উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
Editor PI News