এভাবেও হারা যায়!!! ইংরেজরা নিশ্চয়ই ভাবতে ভাবতে পার করবে বহু রাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।
চার ঘণ্টাও টিকল না রেকর্ড। জশ ইংলিসের ঝোড়ো ব্যাটিংয়ে ইংলিশদের রেকর্ড ভেঙে জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করল অস্ট্রেলিয়া।
টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশের লজ্জা ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আলোচনার টেবিল থেকেই আড়াল করে দিচ্ছিল অনেকটাই। কিন্তু দলটা যখন অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়নের মতো ফিরে আসাটা হয়তো তাদের ললাটেই লেখা।
লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছিলেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। ১৪৩ বলে ১৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ইংল্যান্ডও টুর্নামেন্টটির ইতিহাসে ৩৫১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায়। এমন পাহাড়সম টার্গেট তাড়া করে জিততে হলে নতুন ইতিহাসই লিখতে হতো অস্ট্রেলিয়াকে। সেটাও রচনা হলো আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। জস ইংলিশের অপরাজিত ১২০ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ৪৭ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল অজিরা। আইসিসির যে কোনো টুর্নামেন্টেই সর্বোচ্চ রান তাড়ার বিশ্ন রেকর্ড হয়েছে আজ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৫১/৮ (ডাকেট ১৬৫, রুট ৬৮; ডোয়ারশিস ৩/৬৬, লাবুশেন ২/৪১, জাম্পা ২/৬৪)।
অস্ট্রেলিয়া: ৪৭.৩ ওভারে ৩৫৬/৫ (ইংলিস ১২০*, ক্যারি ৬৯, শর্ট ৬৩, লাবুশেন ৪৭; রশিদ ১/৪৩৭, লিভিংস্টোন ১/৪৭)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জশ ইংলিস।
Editor PI News