চট্টগ্রামে এক কিশোরীকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় সালিশি বৈঠকে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জেলার হাটহাজারী উপজেলার চৌধুরীহাট স্বন্দীপ কলোনি আমতল এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।
হাটহাজারী উপজেলার চৌধুরীহাট স্বন্দীপ কলোনির বাসিন্দা মৃত ফখরুল ইসলাম (৫৮)। স্থানীয়রা জানিয়েছেন, ২৭ জুলাই ফখরুল ইসলামের কিশোরী মেয়েকে বিয়ে করে প্রতিবেশী যুবক রিফাত। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে কিশোরীর পরিবার। পরে নোয়াখালী থেকে কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিষয়টি নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে সালিশি বৈঠক বসে। বৈঠকে উত্তেজনা দেখা দিলে ছেলে পক্ষের লোকজন কিশোরীর বাবা ফখরুল ইসলামকে বেদম পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Editor PI News