চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন হারুন-শাকিল।
অধ্যাপক ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ.কে.এম আজিজুল হক পেয়েছেন ১ হাজার ২০২ ভোট। মহাসচিব পদে ১ হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। অপর প্রার্থী ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন ১ হাজার ৭৯ ভোট।
শনিবার ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিএনপিপন্থী পেশাজীবী এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ১১৭ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ হাজার ৬০০ জন।
ড্যাবের নির্বাচনে পদসংখ্যা হলো পাঁচটি। পদগুলো হলো-সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব। নির্বাচন উপলক্ষে দুইটি প্যানেল ঘোষণা করা হয়। হারুন-শাকিল প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্যানেল সকল পদেই জয়ী হয়েছেন।
Editor PI News