অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তাহের বলেন, সরকারের তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছেন এবং ভুল তথ্য দিয়ে একটি দলের হয়ে কাজ করছেন। তাঁরা সরকারকে এমনভাবে পরিচালিত করছেন যাতে সুষ্ঠু নির্বাচন না হয়।
তাহের আরও অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে ওই দলের প্রতি আনুগত্য বা দুর্বলতা আগে থেকেই দেখা গেছে। এটি শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে জামায়াতেসহ সমমনা আটটি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করছে। দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।
Editor PI News