ভারতীয় কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়ার পর বাংলাদেশের বাহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার কেকেআর এর বিবৃতিতে বলা হয়েছে, "কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যাথাযথ প্রক্রিয় ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে।"

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ এনে আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন।
ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকিনন্দন ঠাকুর বলেন, 'কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং তাদের শীর্ষ নের্তৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজুর রহমান) দল থেকে সিরিয়ে দেওয়া উচিত।' এছাড়া মোস্তাফিজকে কেনায় বলিউড কিংবদন্তি ও নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে 'বিশ্বাসঘাতক' বলেছেন দেশটির জনতা পার্টির নেতা সঙ্গীত সোম।
যার ফলে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
মুস্তাফিজকে এবারের আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোন বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। মুস্তাফিজুর রহমান সর্বশেষ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলেছেন। তিনি অতীতে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল।
Editor PI News