এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরও মোটা অঙ্কের বাড়তি জামানত বা বন্ড দিতে হবে; যার পরিমাণ পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় প্রথমে বাংলাদেশের নাম ছিল না। সেখানে ছিল ছিল সাতটি দেশ। কিন্তু, সাত দিন যেতে না যেতেই সেই তালিকা প্রায় চার গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তালিকা হালনাগাদ করেছে। বর্তমানে এই তালিকায় রয়েছে বাংলাদেশসহ বিশ্বের মোট ৩৮টি দেশ।
নতুন দেশগুলো 'ভিসা বন্ড' কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী ২১ জানুয়ারি থেকে। তবে যারা পর্যটক বা ব্যবসায়ী হিসেবে ভিসার আবেদন করবেন, তাদের ক্ষেত্রে নতুন এই নিয়ম প্রযোজ্য হবে।
এদিকে, ভিসা বন্ড জমা দিয়ে যারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন, তাদের জন্য তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলো হলো, বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (বিওএস), জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (জেএফকে) ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (আইএডি)।
নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩৮টি দেশ হলো-আলজেরিয়া; অ্যাঙ্গোলা; অ্যান্টিগুয়া ও বারবুডা; বাংলাদেশ; বেনিন; ভুটান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বুরুন্ডি; কাবো ভার্দে; মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কোট দিভোয়ার; কিউবা; জিবুতি; ডোমিনিকা; ফিজি; গ্যাবন; গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫ কার্যকর); গিনি (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কিরগিজস্তান; মালাউই (২০ আগস্ট ২০২৫ কার্যকর); মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); নেপাল; নাইজেরিয়া; সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); সেনেগাল; তাজিকিস্তান; তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); টোগো; টোঙ্গা; তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); টুভালু; উগান্ডা; ভানুয়াতু; ভেনেজুয়েলা; জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫ কার্যকর) এবং জিম্বাবুয়ে।
সূত্র: রয়টার্স
Editor PI News