শুভ আর তানিয়ার পরিচয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে। দু’জনেই স্বপ্নবাজ! দু’জনেরই আয়ের অঙ্ক খুব বেশি বড় নয়। তানিয়া একদিন হেসে জিজ্ঞেস করেছিলো, “তুমি তো কর্পোরেট জব করো না, ভবিষ্যতে চলবে কিভাবে?” উত্তরে শুভ বলেছিল, “আমি কত আয় করি সেটা বড় কথা না, কতটা পরিকল্পনা করে খরচ করি—সেটাই আসল।” সেই কথাতেই তানিয়া বুঝেছিল, ভালোবাসার পাশাপাশি দায়িত্ববোধও জরুরি। তাদের সম্পর্ক টিকে আছে কারণ তারা টাকার পরিমাণ নয়, টাকার ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়েছে।
তরুণ প্রজন্মের কাছে এখন সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে। আগে যেখানে উচ্চ আয়, বড় চাকরি বা আর্থিক প্রভাব ছিল সম্পর্কের প্রধান শর্ত, সেখানে এখন গুরুত্ব পাচ্ছে আর্থিক সচেতনতা ও স্বচ্ছতা। অনেক তরুণ-তরুণী মনে করছেন, সঙ্গীর মাসিক আয় কত—তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সে আয় কীভাবে ব্যয় করছে, কতটা সঞ্চয় করছে এবং ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা করছে।
আয় বনাম ব্যয়ের ব্যবস্থাপনা—এই প্রশ্নটাই এখন সম্পর্কের কেন্দ্রে। কেউ মাসে বড় অঙ্কের টাকা আয় করেও যদি অযথা খরচ করে, ঋণে জড়িয়ে পড়ে বা সঞ্চয়ের অভ্যাস না রাখে, তবে ভবিষ্যতে তা সম্পর্কে চাপ তৈরি করতে পারে। অন্যদিকে, তুলনামূলক কম আয় হলেও যদি পরিকল্পিত বাজেট, সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা থাকে, তবে সেটিই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে।
আর্থিক স্বচ্ছলতার নিশ্চয়তা মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, খোলামেলা আলোচনা এবং যৌথ পরিকল্পনা। অনেক সমাজে দেখা যাচ্ছে, অর্থনৈতিক অসামঞ্জস্য, গোপন ঋণ বা অযৌক্তিক ব্যয় বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নতুন প্রজন্ম বুঝতে শুরু করেছে—প্রেম টিকে থাকতে হলে শুধু আবেগ নয়, প্রয়োজন দায়িত্বশীল আর্থিক আচরণও।
ভালোবাসা হয়তো হৃদয়ের বিষয়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে অর্থনৈতিক পরিপক্বতা এখন এক অনিবার্য বাস্তবতা।
Editor PI News