ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দৃশ্য ধারনের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। মানিকগঞ্জে একটি নাটকের শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে সজোড়ে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করেন তিনি।
ঘটনার সূত্রপাত উপহার দেওয়াকে কেন্দ্র করে। তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে গিয়েছিলেন অথৈ। কিন্তু সেই উপহার নিতে অস্বীকৃতি জানান তিশা।

মূল ঘটনটি ঘটে গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে সজোরে খামচি দিয়ে হাত ছুলে রক্তাক্ত করে ফেলেন বলে অভিযোগ উঠেছে। চরম অপমানজনক ও যন্ত্রণাদায়ক হলেও অথৈ সে সময় বিষয়টি মুখ বুজে সহ্য করে নেন। তখন মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে সেলিম অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন।
তখনই অথৈ প্রবীণ এই অভিনেতার কাছে তিশার অতীত একটি হুমকির কথা ফাঁস করেন। অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করেন তিশা। সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, ফারহান তার ‘জামাই’। পুরোনো সেই ক্ষোভ থেকেই দৃশ্য ধারণের সুযোগ নিয়ে তিশা এই শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ সামিয়া অথৈয়ের।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার শুটিং সেটে আবারও মারধরের শিকার হন অথৈ। আজকের একটি দৃশ্যে অথৈয়ের সংলাপ ছিল, ‘তুই একটা পাগল, তুই এখান থেকে চলে যা’ এবং সেই সঙ্গে তিশাকে চড় মারার কথা ছিল। অথৈয়ের দাবি, তিনি দৃশ্যটি করার সময় খুব টেকনিক্যালি তিশার গালে আলতো করে আঘাত করেন, যা গায়ে লাগার মতো নয়। কিন্তু ক্যামেরা চালু থাকা অবস্থায় সবার সামনে তিশা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। ইচ্ছামতো গালে চড় মারায় অথৈয়ের বাঁ চোখ ফুলে যায় এবং কানের দুল খুলে পড়ে যায়। একই সঙ্গে তিশা তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলেও অভিযোগ উঠেছে।
Editor PI News