
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস করেছে জাতীয় সংসদ।
বুধবার জাতীয় সংসদে এ–সংক্রান্ত বিলটি পাস হয়। পাস হওয়া বিলে আগে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি।
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ওই অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সংশ্লিষ্ট নেতাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর আগে বিদ্যমান আইনে কোনো সত্তার কার্যক্রম সরাসরি নিষিদ্ধ করার স্পষ্ট বিধান ছিল না। তখন কেবল বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট ব্যক্তিকে তফসিলে অন্তর্ভুক্ত করতে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে।
নতুন সংশোধনের মাধ্যমে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে, যা এখন সংসদে বিল পাসের মাধ্যমে আইনে রূপ পেল।


