প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
প্রদর্শনে বাধা নেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’
নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম।
এর আগে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর।
শুনানিকালে আইনজীবী আদালতকে জানান, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টের কাজ শুরু হয়। শুরুতে এটি নাটক হিসেবে নির্মিত হলেও পরে সিনেমা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। বোর্ড থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছিল।
তবে পরে অভিনেত্রী মৌসুমী ও জেবা জান্নাত আপত্তি জানালে সিনেমাটির সেন্সর অনুমোদন বাতিল করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, প্রাথমিকভাবে সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পরবর্তীতে জেবা জান্নাত লিখিত অভিযোগে দাবি করেন, তিনি নাটকের জন্য কাজ করার চুক্তি করেছিলেন। কিন্তু পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। তার ভাষ্য অনুযায়ী, সিনেমা নির্মাণের জন্য আলাদা কোনো চুক্তি হয়নি।
অন্যদিকে অভিনেত্রী মৌসুমীও এ বিষয়ে আপত্তি তুলে বলেন, যুক্তরাষ্ট্রে তিনি এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিং করেছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করা হবে বলা হলেও সম্প্রতি জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি নিয়ে ১৫ মে দেশজুড়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা হাসান জাহাঙ্গীর।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর, জেবা জান্নাতসহ আরও অনেকে।