দীর্ঘ বিলম্ব, সেন্সর জটিলতা এবং একের পর এক গুঞ্জনের মধ্যে থালাপতি বিজয়ের বহুল আলোচিত ছবি ‘জন নায়াগান’–এর মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, আগামী ১৯ জুন ছবিটি মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন ছবির পরিচালক এইচ বিনোথ।
সম্প্রতি এক অনুষ্ঠানে ছবিটির মুক্তির তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন, “সেটা আমার হাতে নেই। সত্যটা বলার সাহসও আমার নেই। আর সাহস থাকলেও আপনারা সেটা প্রকাশ করার সাহস পেতেন না।” তার এই মন্তব্য উপস্থিত দর্শকদের হাসালেও ভক্তদের মধ্যে ছবিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
জানা যায়, ছবিটি প্রথমে ৯ জানুয়ারি ২০২৬ মুক্তির কথা ছিল। তবে ভারতীয় সেন্সর কর্তৃপক্ষের ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। ধর্মীয় অনুভূতি এবং সশস্ত্র বাহিনীর উপস্থাপন নিয়ে আপত্তি ওঠার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
এদিকে মার্চে নির্ধারিত রিভিউ স্ক্রিনিং বাতিল হয়ে যায়। এরপর এপ্রিল মাসে ছবিটির একটি কপি অনলাইনে ফাঁস হওয়ার খবর প্রকাশ পেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সব মিলিয়ে, ‘জন নায়াগান’ কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে পরিচালকের সাম্প্রতিক মন্তব্য ছবিটি নিয়ে রহস্য ও কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
Editor PI News