ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের স্থান জুটেছে রাশিয়ার। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) প্রকাশিত সূচকে এই তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া-ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত সূচকে বাংলাদেশকে মিডিয়াম বা মধ্যম শান্তি স্তরে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
বিশ্বের মোট ১৬৩টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি এই সূচকে বাংলাদেশের স্কোর ৫ এর মধ্যে ২.২২ এবং অবস্থান ১১৭তম।
বৈশ্বিকভাবে টানা ১৯ বছরের মতো সবচেয়ে শান্তিপূর্ণ দেশের শীর্ষস্থানটি ধরে রেখেছে আইসল্যান্ড। এরপরই রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড।
অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের স্থান জুটেছে রাশিয়ার। তালিকায় রাশিয়ার পরই রয়েছে সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইউক্রেন ও ইসরায়েল।
এদিকে, দক্ষিণ এশিয়ায় এবারো সবচেয়ে শান্তিপূর্ণ দেশের অবস্থান ধরে রেখেছে ভুটান। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান ১৬তম। ৬৭তম অবস্থান নিয়ে এ অঞ্চলে দ্বিতীয় অবস্তানে আছে শ্রীলঙ্কা, এরপর ১১১তম অবস্থান নিয়ে নেপাল তৃতীয়।
'নিম্ন' শান্তির মাত্রায় নেমে গেছে ভারত। বৈশ্বিক সূচকে ১২৭তম অবস্থান নিয়ে দেশটি দক্ষিণ এশিয়ায় রয়েছে পঞ্চম স্থানে।
অন্যদিকে যথাক্রমে ১৫২ ও ১৫৭তম স্থান নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান বরাবরের মতোই এ অঞ্চলের সবচেয়ে অশান্ত ও অস্থিতিশীল দেশ হিসেবে একেবারে নিচের দিকে আছে।
Editor PI News