অস্ট্রেলিয়াকে হোয়াইটোয়াশ করা হলো না বাংলাদেশের। ওপেনার কুপার কনলির দুর্দান্ত এক সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সহজ করে ফেলেছিল সফরকারীরা। তার আউটের পরই দুর্দান্ত এক কামব্যাকে ম্যাচ জিতে অজিদের হোয়াইটোয়াশের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩ রান আর বাংলাদেশের ১ উইকেট। তাসকিনের করা ওভারের তৃতীয় বলে চার মেরে সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় অস্ট্রেলিয়া।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে লিটন দাশ, তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭৪ রান।

২৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০ রানে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। ওপেনার কুপার কনলি ১৩৪ বলে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচে টিকিয়ে রাখেন অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। ১০ ওভারে ৪৮ রান খরচায় ৬ উইকেট নেন শরীফুল ইসলাম।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুপার কনলি। আর ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন মোসাদ্দেক হোসেন।
Editor PI News