চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে ইকুয়েডর। ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানদের ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফুটবল ইতিহাসে ‘ডি মানশাফট’ নামে পরিচিত জার্মানি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি ইকুয়েডর, যাদের ফুটবল বিশ্বে ‘লা ত্রি’ নামে ডাকা হয়। মাত্র পাঁচ মিনিট পরই আসে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। দুর্দান্ত এক আক্রমণ থেকে নিলসন আঙ্গুলো অসাধারণ ফিনিশে বল জালে জড়িয়ে সমতায় ফেরান দলকে। গতিময় আক্রমণ, নিখুঁত পাস এবং দৃষ্টিনন্দন সমাপ্তিতে গোলটি মুহূর্তেই দর্শকদের মুগ্ধ করে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ৫১ মিনিটে পেনাল্টি পেয়েছিল জার্মানি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, আক্রমণ গড়ার সময় ফাউল হয়েছিল। ফলে বাতিল হয়ে যায় পেনাল্টির সিদ্ধান্ত।
ম্যাচের ৭৭ মিনিটে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। গঞ্জালো প্লাতার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই ইতিহাস গড়ে দক্ষিণ আমেরিকার দলটি।

এই জয়ে আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলের একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি এবং রানার্সআপ হিসেবে পরবর্তী পর্বে উঠেছে আইভরি কোস্ট।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর আনন্দে পুরো ইকুয়েডরে সরকারি ও বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। ইকুয়েডর সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জার্মানির বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দেওয়া হয়।
প্রেসিডেন্ট নোবোয়া নিজেও ছেলে নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ম্যাচ শেষে স্টেডিয়ামের ভিআইপি বক্সে উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
দেশটির সংবাদপত্র ‘এল কোমারসিও’কে দেওয়া এক প্রতিক্রিয়ায় নোবোয়া বলেন, ‘আমি খেলোয়াড় ও কোচিং স্টাফকে ধন্যবাদ জানাই। অনেক সমালোচনা ও কঠিন সময়ের মধ্য দিয়েও তারা লড়াই চালিয়ে গেছে এবং পুরো জাতিকে এই আনন্দ উপহার দিয়েছে।’
নকআউট পর্বে ইকুয়েডরের প্রতিপক্ষ কে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে জার্মানিকে হারিয়ে ‘লা ত্রি’ যে এবারের আসরে নিজেদের শক্তির জানান দিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
Editor PI News