রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ দোকানের মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশ দোকানে সংঘবদ্ধ ডাকাত দলের কয়েকজন সদস্য প্রবেশ করে। এ সময় তারা দোকান মালিক মো. শফিকুল ইসলামকে (৩৭) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত শফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেন।
আদাবর থানা সূত্রে জানা যায়, মামলার তদন্তের শুরুতেই এজাহারভুক্ত দুই আসামি ও সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরবর্তী তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে মামলার এক নম্বর আসামি মো. মামুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেফতার হওয়া মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এছাড়া মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট সাতটি মামলা এবং একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Editor PI News