জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে।
সম্প্রতি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
শনিবার সকালে কলেজটির এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) বিষয়ে পাঠদান করছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের একাধিক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না পাওয়া গেলেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তার ব্যক্তিগত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য ছিলেন।
চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য তিনি ২০১২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Editor PI News