বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের পর অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে—এই সেবা ফি কি গ্রাহক দেবেন, নাকি দোকানদার?
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ফি গ্রাহককে দিতে হবে না। একজন ক্রেতা যে পরিমাণ অর্থের পণ্য বা সেবা কিনবেন, তার ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ঠিক সেই পরিমাণ অর্থই কাটা হবে। এর বাইরে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।
এমডিআর বা সেবা ফি সমন্বয় করা হবে মার্চেন্টের প্রাপ্য অর্থ থেকে। অর্থাৎ, লেনদেন সম্পন্ন হওয়ার পর দোকানদারের হিসাবে টাকা জমা দেওয়ার আগে ভ্যাটসহ নির্ধারিত ১ শতাংশ ফি কেটে রাখা হবে।
ধরা যাক, একজন ক্রেতা বাংলা কিউআর স্ক্যান করে ২ হাজার টাকার কেনাকাটা করলেন। সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট থেকে কাটা হবে ঠিক ২ হাজার টাকাই। তবে দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ১ হাজার ৯৮০ টাকা। বাকি প্রায় ২০ টাকা (ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর) সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পাবে।
অর্থাৎ, পুরো ব্যবস্থায় গ্রাহকের ওপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। এমডিআরের সম্পূর্ণ অর্থই মার্চেন্টের প্রাপ্য থেকে সমন্বয় করা হবে।
তবে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক একটি সুযোগও রেখেছে। নির্দেশনা অনুযায়ী, অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রচারণা, ক্যাম্পেইন বা বিশেষ অফারের অংশ হিসেবে এই এমডিআর আংশিক বা পুরোপুরি নিজেরাই বহন করতে পারবে। সে ক্ষেত্রে মার্চেন্টদেরও এ ফি পরিশোধ করতে নাও হতে পারে।
Editor PI News