রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা আবুল বাশার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা জানান, নবোদয় হাউজিং এলাকা থেকে শোয়েব, আরমান ও নয়ন নামে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। স্বজনেরা মরদেহ দাফন শেষে আদাবর থানায় হত্যা মামলা করবেন। মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ জানায়, ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন কিশোরের আনন্দ-উল্লাস থেকে বিরোধের সূত্রপাত। পরে নীরব নামে এক যুবককে মারধর এবং তা নিয়ে বিরোধ মেটাতে সালিস বৈঠক বসে। সালিস শেষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ধারালো অস্ত্রের হামলায় আদাবর ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার গুরুতর আহত হন।
দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম হোসেন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আবুল বাশার পেশায় প্রাইভেট কারচালক ছিলেন। তিনি আদাবর নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। আদাবরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
Editor PI News