যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের ডেলিভারি কর্মী মোহাম্মদ মাহফুজুল হক (৪৩) গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে, তাকে খুব কাছ থেকে মাথার পেছনে গুলি করা হয়েছে এবং ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি১০ ফিলাডেলফিয়া তার নাগরিকত্ব উল্লেখ না করলেও বাংলাদেশি কমিউনিটি সংবাদমাধ্যমগুলো তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছে।
ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, মাহফুজুলের পাশেই ইঞ্জিন চালু অবস্থায় তার গাড়ি এবং ডোরড্যাশের একটি ডেলিভারি ব্যাগ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসাও উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছিল।
তদন্তে আরও জানা গেছে, মাহফুজুল যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে বসবাসকারীদের কেউ ডোরড্যাশে কোনো খাবারের অর্ডার করেননি। এতে ভুয়া অর্ডারের মাধ্যমে তাকে ফাঁদে ফেলা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কালো পোশাক ও মুখোশ পরা তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে এক বিবৃতিতে ডোরড্যাশ জানায়, এ হত্যাকাণ্ডের তদন্তে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।
Editor PI News