ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, তখনও দুই দল সমতায়। টাইব্রেকারের গন্ধ ছড়িয়ে পড়েছে ডালাসের গ্যালারিজুড়ে। ঠিক সেই মুহূর্তেই ৮৮তম মিনিটে ভাগ্যের দুয়ার খুলে দেন মিকেল মেরিনো। পাউ কুবারসির দূরপাল্লার শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে ল্যামেন্স ঠেকালেও বল তাঁর হাত ফসকে চলে আসে মেরিনোর সামনে। আর এক মুহূর্তও নষ্ট করেননি আর্সেনালের এই মিডফিল্ডার। নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপিয়ে স্পেনকে এনে দেন ২-১ গোলের নাটকীয় জয়, সঙ্গে ২৩তম ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট।
শনিবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত অল-ইউরোপিয়ান কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় স্পেন। এই জয়ে আগামী মঙ্গলবার একই ভেন্যুতে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে লা রোহা।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। ছোট ছোট পাস আর দ্রুত আক্রমণে বেলজিয়ামের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। সেই চাপের ফল আসে ৩০তম মিনিটে। দানি ওলমোর শট থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও রিবাউন্ডে পাওয়া বল ডি-বক্সের সামনে থেকে জালে পাঠান ফাভিয়ান রুইজ। ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করায় কোর্তোয়ার কিছুই করার ছিল না। তবে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারা উনাই সিমনকে পরাস্ত করে গোল করে সমতা ফেরান। চলতি বিশ্বকাপে এটাই ছিল স্পেনের হজম করা প্রথম গোল। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচ আরও জমে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় বেলজিয়াম। চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া, তাঁর জায়গায় নামেন তরুণ সেনে ল্যামেন্স। এরপর দুই দলই একের পর এক আক্রমণ চালালেও ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু ৮৮তম মিনিটে পাউ কুবারসির দূরপাল্লার শট ল্যামেন্স পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে না পারলে বল পেয়ে যান মিকেল মেরিনো। সুযোগটি কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন তিনি। শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষেও ৯১তম মিনিটে গোল করে দলকে জিতিয়েছিলেন মেরিনো। এবার কোয়ার্টার ফাইনালেও শেষ মুহূর্তের নায়ক হয়ে স্পেনকে তুলে দিলেন শেষ চারে।
পুরো ম্যাচে বলের দখলে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। লা রোহা ৬২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে বেলজিয়ামের দখল ছিল ৩৮ শতাংশ। স্পেন মোট ৬৪৮টি পাস সম্পন্ন করে, বেলজিয়াম দেয় ৩৯১টি পাস। গোলমুখে স্পেনের ৭টি শট লক্ষ্যভেদী ছিল, আর বেলজিয়ামের ৩টি শট ছিল অন টার্গেটে।
Editor PI News