বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তেজনা যখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই জুলিয়ান আলভারেজের বজ্রগতির শট সব হিসাব বদলে দেয়। ১১২তম মিনিটে তার দুর্দান্ত গোলের পর যোগ করা সময়ে লাওতারো মার্টিনেজ শেষ পেরেক ঠুকে দিলে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির জিইএইচএ ফিল্ড অ্যাট অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল সুইজারল্যান্ড। একাদশে একটি পরিবর্তন এনে জুলিয়ান আলভারেজকে শুরু থেকেই খেলায় আর্জেন্টিনা, অন্যদিকে সুইজারল্যান্ডও ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণ সাজায় আর্জেন্টিনা। ১০ মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। গোল হজমের পর সুইজারল্যান্ড ধীরে ধীরে ম্যাচে ফেরে এবং কয়েকটি ভালো আক্রমণও গড়ে তোলে। তবে এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সুইজারল্যান্ড। ৬৭তম মিনিটে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে ড্যান এনদোয়ে সমতায় ফেরান দলকে। কিন্তু ৭২তম মিনিটে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১২তম মিনিটে দূরপাল্লার অবিশ্বাস্য শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। এরপর অতিরিক্ত সময়ের খেলা শেষ হলে যোগ করা সময়ের প্রথম মিনিটে লাওতারো মার্টিনেজ গোল করে ৩-১ ব্যবধান জয় নিশ্চিত করেন।
এই জয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর বিশ্বকাপ ইতিহাসও তাদের পক্ষেই কথা বলছে। আর্জেন্টিনা এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা কোনো সেমিফাইনাল ম্যাচে কখনোই পরাজিত হয়নি—এই অনন্য রেকর্ড অক্ষুণ্ন রেখেই আরেকটি ফাইনালের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।
Editor PI News