কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক স্কুলশিক্ষককে ঘরে আটকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর এক ছাত্রীর মা প্রিয়া বেগমের বিরুদ্ধে। হামলায় শিক্ষিকার মাথায় ১০টি কোপ লাগে, ৫০টি সেলাই দিতে হয়েছে এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনা ঘটে। টিউশনি শেষে বাসা থেকে বের হওয়ার সময় প্রিয়া বেগম দরজা ভেতর থেকে আটকে দা দিয়ে সিঁথিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মঙ্গলবার শিক্ষিকাকে হত্যাচেষ্টার মামলায় প্রিয়া বেগমকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।
Editor PI News