জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রত্যর্পণ আবেদনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর তাদের বিরুদ্ধে রায় কার্যকরের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার।
Editor PI News