একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, মানুষের ভেতরে প্রকৃত দেশপ্রেম না থাকলে কোনো ভালো কাজই করা সম্ভব নয়।
রোববার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না।" তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আদর্শ স্থাপন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে সামাজিক, মানবিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করার দিকনির্দেশনা দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
আফরোজা খানম রিতা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, সততা ও নৈতিকতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। অন্যায়ের সঙ্গে কোনো আপস করা যাবে না। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেদের যোগ্য ও প্রস্তুত করে তুলতে হবে।
অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহফিল খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Editor PI News