আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তরুণ উদ্ভাবকদের অভিনন্দন জানিয়ে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রোববার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী হওয়া তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনার জন্য দলটির সদস্যদের অভিনন্দন জানান।
তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যৎ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন।
শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রযুক্তি খাতে কাজ করা এবং নিজেদের উদ্যোগে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ করছে।
তিনি জানান, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় শিল্পখাতকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘MATE ROV International Underwater Robot Competition 2026’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের ‘MIST MAVIROV’ দল। প্রতিযোগিতায় রানারআপ হয় যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থান অর্জন করে স্বাগতিক কানাডা।
Editor PI News