নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ ফাতেমা আক্তার রেখা হত্যা মামলায় তার স্বামী মো. মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি মোক্তার আলীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে নিজ বাসায় খুন হন ফাতেমা আক্তার রেখা (৪৫)। পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তে নিহতের মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের আলামত হিসেবে বিবেচিত হয়।
ঘটনার পর নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে জামাতা মোক্তার আলীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ মোক্তার আলীকে গ্রেপ্তার করে। তদন্ত চলাকালে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যার দায় স্বীকার করেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেন।
Editor PI News