ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো তিন নেতা হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
রোববার আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, মামলার ধার্য তারিখে ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে তিন আসামি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানির লেয়ার মুরগির খামার রয়েছে। ওই খামারের মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণ, একটি ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
Editor PI News