সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হবে।
ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
দলটির পক্ষ থেকে ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সংশ্লিষ্ট দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।