জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁর দাবি, ওই সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার কারণেই দেশে বর্তমান গ্যাস সংকট তৈরি হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, জনগণের সরকার সবার সহযোগিতা নিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটাতে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।
বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে দাবি করে তিনি বলেন, ওই অর্থ দিয়ে দেশের কয়েকটি জাতীয় বাজেট দেওয়া সম্ভব ছিল। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের খাবারের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে মো. নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত সাড়ে পাঁচ মাসে সরকার মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, শহীদ পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এতে অভিনেতা বাবুল আহমেদসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা বক্তব্য দেন।
Editor PI News