শুধু ক্ষমতার মসনদে টিকে থাকতে পার্শ্ববর্তী দেশ দিল্লির কাছে সবকিছু উজাড় করে দেশের সার্বভৌমত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সবাইকে উপেক্ষা ও তোয়াক্কা না করে শুধু ক্ষমতায় টিকে থাকতেই শেখ হাসিনা এত রক্ত ঝরিয়েছেন।
রোববার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, রিমান্ড, গুম ও খুনের মতো এমন কোনো অপকর্ম নেই, যা তিনি করেননি। পৃথিবীর অন্য কোনো শাসকের সঙ্গে এই ফ্যাসিস্টের তুলনা চলে না বলেও মন্তব্য করেন তিনি।
রিজভীর ভাষ্য, হিটলারসহ বিশ্বের অন্যান্য অন্যায়কারীদের মধ্যেও অন্তত দেশপ্রেম ছিল। তারা নিজেদের দেশকে সেরাদের তালিকায় নিতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি।
তিনি বলেন, এ কারণেই জনগণের ওপর চরম অত্যাচার চালানো হয়েছে এবং ঝরানো হয়েছে রক্ত।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে হবে।
সে লক্ষ্যে বর্তমানে ‘কোয়ালিটি এডুকেশন’, আনন্দময় শিখন বা ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ভাষা শেখা এবং দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
Editor PI News