সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভায় উঠছে। অনুমোদন পেলে আইনগত প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।
নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন কার্যকর করা হবে। পরে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর কথা রয়েছে।
নবম জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছিল।
কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে তা পর্যালোচনা করেছে উচ্চপর্যায়ের সচিব কমিটি।
মন্ত্রিসভায় অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশে দেরি হলেও নতুন বেতন কাঠামোর কার্যকর তারিখ ১ জুলাই ২০২৬ রাখার পরিকল্পনা রয়েছে।
Editor PI News