রোববার (১১ অক্টোবর) রাতে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
তবে পূজার ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর (শনিবার) দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা অ্যানালিটিকস বিভাগের (এসডিএডি) পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে ছুটির এ নির্দেশনা দেওয়া হয়।
এতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এ জন্য ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
Editor PI News