বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে দায়িত্ব দেওয়া হবে না। এর মাধ্যমে কর্মীদের জন্য সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই অগ্রগতি অর্জনে সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সম্মিলিত উদ্যোগে এ সুযোগ সফল করতে হবে। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
Editor PI News