সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। রাত ৮টা থেকে এ দাম কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে, প্রতি লিটার অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। আগে ৮৪ টাকা ৬২ পয়সা থাকলেও এখন থেকে প্রতি লিটার অটোগ্যাসের দাম পড়বে ৯১ টাকা ৯৫ পয়সা।
নতুন সিদ্ধান্তে এলপিজি সরবরাহ ও বিক্রির বিভিন্ন পর্যায়ের চার্জও বাড়ানো হয়েছে। আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বেড়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বেড়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে বাজারে ঘোষিত দামে গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তখন প্রতি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির তথ্য পাওয়া যায়।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এলপিজির বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রেক্ষাপটে আমদানিকারকদের সরবরাহ কমে যাওয়ায় কোথাও কোথাও ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Editor PI News