শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া ব্যাহত হয়। এতে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১২টা ছিল আবেদনের শেষ সময়। তা পরিবর্তন করে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। শনিবার রাত ৮টা পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।
Editor PI News