সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ প্রদর্শনের জন্য ছোট পরিসরে একটি আয়োজন করেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জন দর্শকের জন্য আয়োজন করা হলেও এতে অংশ নিতে আবেদন করেন সাত শতাধিক মানুষ। নাটকটির বিভিন্ন দৃশ্য ও চরিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
নাটকের জারিয়াব, জামিল ও আবু বকর চরিত্রগুলো ভারতীয় দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন শহরে গোপনে ওয়াচ পার্টির আয়োজন করা হচ্ছে। বেঙ্গালুরুতে পোস্টার দেখে দুটি প্রদর্শনী বাতিল হলেও দর্শকদের আগ্রহ কমেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ স্লোগান। ভক্তদের মতে, আবু বকরের মানবিক ও সহানুভূতিশীল চরিত্রটি তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগে নানা বাধা রয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাত হয়। এর পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নেটফ্লিক্স থেকেও পাকিস্তানি সিরিজ সরিয়ে নেওয়ার দাবি ওঠে।
তবে এসব বিধিনিষেধের মধ্যেও ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা। অনেকে কনটেন্ট ডাউনলোড করে পুনরায় আপলোড করছেন। গত বছরের ৮ মে নিষেধাজ্ঞা কার্যকরের দিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজারের দাবি, তাদের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারতীয়। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার পেছনে দুই দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার মিল বড় ভূমিকা রাখছে। সহজবোধ্য ভাষা, পরিচিত পারিবারিক গল্প এবং উন্নত নির্মাণশৈলীও দর্শকদের আকৃষ্ট করছে।
সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খানের মতে, ভারতীয় পর্দায় অনেক সময় মুসলিম চরিত্রগুলোকে একপেশেভাবে উপস্থাপন করা হয়। কিন্তু ‘দার-এ-নিজাত’ নাটকে ধর্মীয় বিশ্বাস ও মানুষের দৈনন্দিন জীবনকে স্বাভাবিক এবং আন্তরিকভাবে তুলে ধরা হয়েছে। এ উপস্থাপন দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, প্রযুক্তির মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের ভুল ধারণা ও মানসিক দূরত্ব কমাতে সহায়ক হতে পারে।
ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক কূটনীতিক অজয় বিসারিয়ার মতে, প্রযুক্তির যুগে সীমান্ত কিংবা সরকারি নিষেধাজ্ঞা দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ রাখা কঠিন। একসময় পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ থাকলেও গোপনে বলিউডের সিনেমা দেখা হতো। বর্তমানে ভারতেও পাকিস্তানি নাটকের ক্ষেত্রে একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও দুই দেশের সাধারণ মানুষের সাংস্কৃতিক আগ্রহ যে থেমে নেই, ‘দার-এ-নিজাত’-এর জনপ্রিয়তা তারই আরেকটি উদাহরণ।
Editor PI News