
দক্ষিন এশিয়ার সাতটি দেশ নিয়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত টুর্নামেন্টের শেষ দিনে রোববার মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছেন সাবিনা-মনিকারা। ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।
আজ বাংলাদেশের সামনে সমীকরণ ছিল ড্র করলেই চ্যাম্পিয়ন। কিন্তু প্রথম মিনিট থেকেই আক্রমনাত্মক ছিলেন বাংলার মেয়েরা। তবে খেলার ধারার বিপরীতে তিন মিনিটে বাংলাদেশের গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের ভুলবুঝাবুঝিতে প্রথম গোলটি পেয়ে যায় মালদ্বীপ।

সমতাসূচক গোল পেতে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। সরাসরি ফ্রি কিক থেকে ম্যাচের পাঁচ মিনিটেই গোল পেয়ে যান সাবিনা খাতুন। এর এক মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু সাবিনা পেনাল্টি শট মিস করে বসেন। ১৩ মিনিটে আবারো ফ্রি কিক পায় বাংলাদেশ, এবার আর ভুল করেননি সাবিনা, নিজের এবং দলের দ্বিতীয় গোল করতে। প্রথমার্ধে আরো চার গোল পায় বাংলাদেশ। ৬-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান সাবিনারা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো ৮ গোল পায় বাংলার মেয়েরা। এর মধ্যে ম্যাচের ২২ মিনিটে হ্যাট্রিক পেয়ে যান অধিনায়ক সাবিনা। ২৬ মিনিটে নাজের নামের পাশে আরেকটি গোল যোগ করেন তিনি।
মেয়েদের পাশাপাশি ছেলেদের প্রথম সাফ ফুটসাল হচ্চে ব্যাংককে। ছেলেদের বিভাগে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপ। আর বাংলাদেশ ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে হয়েছে পঞ্চম।


