শনিবার, মে ১৬, ২০২৬

মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড

মানব পাচার এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য ও ১/১১ রাজনৈতিক সংসকটের সময়ের আলোচিত সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিসট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তার বিরুদ্ধে মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ, মানব পাচার এবং অর্থ পাচারের (মানিলন্ডারিং) একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকা ও ফেনী মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।

তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্ট ২০২৪-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭-০৮ সালের ‘এক-এগারো’ রাজনৈতিক সংকটের সময় ক্ষমতার নেপথ্যে থাকা অন্যতম প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত। এক-এগারোর সময় তিনি সাভারের ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ