ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩০ জুন এ মামলার রায় ঘোষণা করা হবে।

সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন নির্ধারণ করেন। আদালতে এদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ও ফারুক আহাম্মদ।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সাতজনকে হত্যাসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমনে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। এসব ঘটনায় দায় নির্ধারণ এবং অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছেন।

রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই মামলার রায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

হাসানুল হক ইনু ২০১২ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তথ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। তিনি সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ