
“ভালোবাসা মানে একে অপরের দিকে তাকিয়ে থাকা নয়, বরং একই দিকে একসঙ্গে তাকিয়ে থাকা।” ফরাসি সাহিত্যিক অঁতোয়ান দ্য স্যাঁত-একজুপেরির এই বহুল উদ্ধৃত কথাটি হয়তো প্রেমের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি। অথচ প্রেম নিয়ে আমাদের ধারণার বড় অংশ গড়ে উঠেছে সিনেমা, উপন্যাস আর রূপকথার গল্প থেকে।
সাহিত্য আর সিনেমা আমাদের বহুদিন ধরে শিখিয়েছে—ভালোবাসা যেন দৈব ঘটনা, হঠাৎ করে ঘটে যায়। চোখে চোখ পড়ল, হয়তো ধাক্কা খেলেন, একটা গান হলো আর আপনি প্রেমে পড়ে গেলেন। মনে হলো, এই মানুষটাই আপনার সবকিছু পূর্ণ করে দিল। পেটের ভেতরের প্রজাপতি ওড়ার মতো অনুভূতিই যেন প্রমাণ আপনারা ‘সোলমেট’। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন।
কাউকে বদলানো যায় না
প্রেমে পড়ার পর অনেকেই মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গীকে নিজের মতো করে বদলে নেওয়া সম্ভব। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের মৌলিক ব্যক্তিত্ব সহজে পরিবর্তন হয় না। অভ্যাস, মূল্যবোধ ও জীবনদর্শন বদলাতে হলে সেই ইচ্ছা ব্যক্তির নিজের ভেতর থেকেই আসতে হয়। অন্যকে বদলানোর চেষ্টা অনেক সময় সম্পর্কে হতাশা তৈরি করে।
শুধু মানুষ নয়, তার প্যাটার্নের প্রেমেও পড়েন আপনি
অনেক ক্ষেত্রে আমরা শুধু একজন মানুষকে ভালোবাসি না, বরং তার আচরণ, যত্ন নেওয়ার ধরন, যোগাযোগের ভঙ্গি কিংবা পরিচিত আবেগগত প্যাটার্নের প্রতিও আকৃষ্ট হই। তাই অনেক মানুষ বারবার একই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিশেষজ্ঞরা বলছেন, নিজের আবেগগত চাহিদা বোঝা সুস্থ সম্পর্কের জন্য জরুরি।
সম্পর্কের খাতিরে বদলাতে হচ্ছে নিজেকে
সম্পর্কে কিছু সমঝোতা স্বাভাবিক। তবে যদি একজন মানুষ ক্রমাগত নিজের পছন্দ, মতামত, বন্ধুত্ব বা ব্যক্তিত্ব বিসর্জন দিতে থাকেন, তাহলে তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। সুস্থ সম্পর্কে দুজনের স্বাতন্ত্র্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।
শুধু আবেগ দিয়ে সম্পর্ক টেকে না
ভালোবাসার অনুভূতি সম্পর্কের শুরু হতে পারে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন বিশ্বাস, সম্মান, যোগাযোগ এবং দায়িত্ববোধ। প্রথম দিকের তীব্র আবেগ সময়ের সঙ্গে কমে যেতে পারে, কিন্তু পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে।
ভালোবাসা আসলে কোনো নিখুঁত গল্প নয়, বরং দুই মানুষের একসঙ্গে বেড়ে ওঠার যাত্রা। সেখানে ভুল আছে, শেখা আছে, ক্ষমা আছে। তবু ভালোবাসা সুন্দর, কারণ এটি মানুষকে বদলে দেয় না—বরং নিজেকে এবং অন্যকে আরও গভীরভাবে বুঝতে শেখায়। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হয়তো এটাই, এটি মানুষকে একা থাকার ভেতর থেকেও একসঙ্গে পথ চলার সাহস দেয়।
ছবি: এআই জেনারেট


