নিজ বাসভবনের সামনে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের চড়-থাপ্পড় মারতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বুধবার কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বারুইপুরে এক নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে তৃণমূলের একটি মিছিল বের হয়। পথে বিজেপির একটি মিছিলের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আহত ও অসুস্থ কর্মীরা মমতার সঙ্গে দেখা করতে তার বাসভবনের সামনে জড়ো হলে সেখানে তীব্র ভিড়ের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মমতা প্রথমে মাইক হাতে নিয়ে কর্মীদের সরে যেতে অনুরোধ করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি এক কর্মীকে চড় মারেন। পরে আরও কয়েকজনকেও থাপ্পড় দিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ভিড় নিয়ন্ত্রণ করতেই তিনি মেজাজ হারিয়েছিলেন।
ঘটনার পর পুলিশের ভূমিকারও সমালোচনা করেন মমতা। তিনি অভিযোগ করেন, বিজেপি সমর্থকরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি রাজ্যের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।