বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, খেলবে এইচপি ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে

প্রায় দুই সপ্তাহের দ্বিপক্ষীয় সফরে বুধবার বাংলাদেশে পৌঁছাচ্ছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এই সফরে তারা মুখোমুখি হবে না বাংলাদেশ জাতীয় দলের। পরিবর্তে সফরকারীরা খেলবে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।

বাংলাদেশে পৌঁছানোর পর দুই দিন অনুশীলন করবে মালয়েশিয়া দল। এরপর ৮ আগস্ট (শনিবার) দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে তারা। একই ভেন্যুতে ১০ আগস্ট (সোমবার) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ১২, ১৪ ও ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে মালয়েশিয়ার প্রতিপক্ষ হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রতিটি ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান গেমসের বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে বিসিবির কাছে সফরের আবেদন জানিয়েছিল মালয়েশিয়া। সহযোগী সদস্য দেশ হিসেবে তাদের প্রস্তুতিতে সহায়তা করতেই এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সিরিজের সূচি

  • ৮ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (প্রথম টি-টোয়েন্টি), দুপুর ২টা, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
  • ১০ আগস্ট: বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (দ্বিতীয় টি-টোয়েন্টি), দুপুর ২টা, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
  • ১২ আগস্ট: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (প্রথম ওয়ানডে), সকাল ৯:৩০, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স
  • ১৪ আগস্ট: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (দ্বিতীয় ওয়ানডে), সকাল ৯:৩০, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ