প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ধস, ৫৪ রানেই অলআউট

প্রথম ইনিংসের ব্যাটিংও খুব একটা ভালো হয়নি। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি পেলেও বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংকে শুধু খারাপ বললে কম বলা হবে। রীতিমতো ধস নেমেছে—মাত্র ৫৪ রানেই অলআউট বাংলাদেশ।

ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এতে ৯২ রানের লিড পায় তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই রানটুকুও করতে পারেনি বাংলাদেশ।

গতকাল দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ২ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছিল নাজমুল হোসেনের দল। আজ তৃতীয় ও শেষ দিনে মাত্র ১৭ ওভারে বাকি ৮ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। তিনি একাই নিয়েছেন ৮ উইকেট। বাকি দুটি উইকেট পেয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ হাসান ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। গতকাল অপরাজিত থাকা ওপেনার ৪১ বল খেলে করেন ২২ রান। আজ আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান মেহেদী হাসান মিরাজের—১৯ বলে ৬। নাজমুল হোসেন, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন আউট হয়েছেন শূন্য রানে। তানজিদ ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের স্কোরকার্ড দেখলে মনে হবে, যেন মুঠোফোনের নম্বর!

বাংলাদেশকে ব্যাটিংয়ে এভাবে গুঁড়িয়ে দেওয়া থম্পসনের বয়স মাত্র ২২ বছর। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন মাত্র দুটি, উইকেট ৩টি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ২ ম্যাচে তাঁর শিকার মাত্র ১ উইকেট। এমন একজন অনভিজ্ঞ পেসারের কাছেই বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ তাই মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের এমন ধস তাই রীতিমতো অশনিসংকেতই বলা যায়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ