বিমান বাংলাদেশের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তা আসে পাকিস্তানি নম্বর থেকে

বিমানবন্দর এপিবিএন সূত্র জানিয়েছে, হুমকির বার্তাটি আসে এয়ারপোর্ট এপিবিএন’র ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। সে সময় দায়িত্বে ছিলেন এএসপি আব্দুল হান্নান। বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে।

হোয়াটসঅ্যাপের যে নম্বরটি থেকে বার্তাটি আসে সেটি পাকিস্তানি বলে জানিয়েছে এপিবিএন। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া হয়েছে, এটি কোনো হুমকি নয় বলেও বার্তায় উল্লেখ করা হয়।

বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করেনি কেউ। এপিবিএন সূত্র জানায়, তবে একইসঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়। বিস্ফোরক কারা রেখেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, ‘ফ্লাইটে কোন বোমা পাওয়া যায়নি।’ বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাঁদের ফ্লাইট থেকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়।

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ