
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে মুখোমুখী হয় ইতালির ক্লাব ইন্টার মিলান ও স্পেনের বার্সেলোনা।
অলিম্পিক লুইস কম্পানি অ্যারেনায় ঘড়ির কাটায় ম্যাচের বয়স তখন ৩০ সেকেন্ড। দর্শকরা ঠিকমতো আসন গ্রহন করার আগেই স্বাগতিকদের জালে বল পাঠিয়ে দেন ইন্টারের মার্কাস থুরাম। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে এটিই দ্রুততম গোল।
ডেনজেলের বাড়ানো পাসে বার্সেলোনার তিন খেলোয়াড়ের ফাঁক দিয়ে চমৎকার বেকহিলে গোল করেন থুরাম। এরপর নিজেদের দখলে বল রেখে খেলায় ফেরার চেষ্টা করে বার্সা। কিন্তু ধারার বিপরীতে আবারো ২১ মিনিটে গোল খেয়ে বসে কাতালানরা। দুর্দান্ত ওভার হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিস।
গোল খাওয়ার ১ মিনিটের মাথায় স্বাগতিকদের দারুন এক শটে গোল উপহার দেন ১৭ বছর বয়সি লামিন ইয়ামাল।
এরপর ৩৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে বার্সাকে সমতায় ফেরান তরেস। এরপর বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। তবে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে দ্বিতীয় গোল করে ইন্টারকে ৩-২ গোলের লিড এনে দেন ডামফ্রিস।
তবে মাত্র দুই মিনিটের মাথায় ইন্টার গোলরক্ষক ইয়ান সোমেরের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার নেওয়া শট ক্রসবার থেকে ফেরত এসে সোমেরের পিঠে লেগে বল জালে জড়ায়। এতে ৩-৩ গোলের সমতায় ফেরে বার্সেলোনা।
এরপর ৭৫ মিনিটের মিখিতারিয়ানের শট বার্সার জালে জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজানোয় আর এগিয়ে যাওয়া হয়নি ইন্টারের।
ম্যাচের ৮৭ মিনিটের মাথায় ইয়ামালের শট ক্রসবারে লাগলে ৩-৩ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে সান সিরোতে স্বাগতিক ইন্টারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।


